বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

সিএমপির ‘ওপেন হাউজ ডে’

সিএমপি কমিশনারের উপস্থিতিতে তাৎক্ষণিক সমস্যার সমাধান 

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে আয়োজিত সাপ্তাহিক ‘ওপেন হাউজ ডে’ মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দামপাড়াস্থ সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সিএমপি পুলিশ কমিশনার হাসিব আজিজ সেবা প্রত্যাশীদের মুখোমুখি হন এবং তাদের বিভিন্ন অভিযোগ ও সমস্যা সরাসরি শুনেন। বেশ কিছু অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেওয়া হলে উপস্থিত সেবাপ্রত্যাশীরা কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন। অনেকেই কমিশনারের কাছে নতুন প্রস্তাব ও মতামত তুলে ধরেন এবং এমন উদ্যোগকে সাধুবাদ জানান।

ওপেন হাউজ ডে-তে আরও উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) মো. হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আসফিকুজ্জামান আকতারসহ সিএমপির বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কমিশনার হাসিব আজিজ বলেন, “সেবাপ্রত্যাশীদের সরাসরি কথা শোনার মাধ্যমে দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। অভিযোগের দ্রুত নিষ্পত্তি ও ন্যায়বিচারের নিশ্চয়তা দিতেই এই ওপেন হাউজ ডে।”

উল্লেখ্য, বর্তমান সিএমপি কমিশনার প্রতি সপ্তাহের মঙ্গলবার নিজ কার্যালয়ে নিয়মিতভাবে ‘ওপেন হাউজ ডে’ আয়োজনের মাধ্যমে নগরবাসীর অভিযোগ, পরামর্শ ও সমস্যার কথা সরাসরি শুনছেন এবং আইনানুগ পদক্ষেপ গ্রহণ করছেন। একইভাবে সিএমপির ক্রাইম ও ট্রাফিক ডিভিশনের উপ-পুলিশ কমিশনারগণ প্রতি রবিবার সংশ্লিষ্ট জনগণের সঙ্গে একই প্রক্রিয়ায় মতবিনিময় করে থাকেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত