কক্সবাজারের রামু উপজেলার রশিদনগরে ট্রেনের ধাক্কায় একই পরিবারের চারজনসহ অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুটি শিশু ও দুই নারী রয়েছেন।
শনিবার (২ আগস্ট) বেলা দেড়টার দিকে উপজেলার ধলিরছড়া রেলক্রসিংয়ে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান।
নিহতরা হলেন—সদর উপজেলার ভারুয়াখালী এলাকার জাফর আলমের মেয়ে আসমাউল হোসনা (২৭), তাঁর ছোট বোন রেনু আক্তার (১৩), আসমাউলের দুই শিশু সন্তান আতা উল্লাহ (১) ও আশেক উল্লাহ (৩) এবং সিএনজি চালক হাবিব উল্লাহ।
নিহতদের স্বজন জাফর আলম জানান, সকালে তাঁর দুই মেয়ে ও দুই নাতিকে নিয়ে আসমাউলের শ্বশুরবাড়ি রামুর কালিরছড়ায় যাচ্ছিলেন। পথে ধলিরছড়া রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রামগামী একটি ট্রেন সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।
রশিদনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মালেক মাসুম বলেন, “দুপুরে কক্সবাজার থেকে ছেড়ে আসা ট্রেনটি ধলিরছড়া রেলক্রসিংয়ে একটি যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সম্পূর্ণ বিধ্বস্ত হয় এবং চালকসহ সব যাত্রী নিহত হন।”
পুলিশ ও স্থানীয়রা জানায়, ধলিরছড়া রেলক্রসিংটি অরক্ষিত ছিল। তবে দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চালিয়ে মরদেহগুলো স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


