বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

শুভেন্দুর মন্তব্যে নিষেধাজ্ঞা: অভিষেকের মানহানির মামলায় অন্তর্বর্তী নির্দেশ আলিপুর আদালতের

নিজস্ব প্রতিবেদক :

ডায়মন্ড হারবারের সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনওরকম মানহানিকর মন্তব্য করতে আপাতত নিষিদ্ধ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিষেকের দায়ের করা মানহানির মামলায় আলিপুর আদালত অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি করেছে। আগামী ১৯ অগস্টের মধ্যে শুভেন্দুকে আদালতে কারণ দর্শাতে বলা হয়েছে যে, কেন তাঁর বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করা উচিত নয়। সেই সময় পর্যন্ত এই অন্তর্বর্তী নির্দেশ বহাল থাকবে।

আবেদনে অভিষেক উল্লেখ করেছেন, ২৬ জুন শুভেন্দু এক সাংবাদিক বৈঠকে তাঁকে “দুর্নীতিগ্রস্ত” আখ্যা দেন এবং অভিযোগ করেন, দক্ষিণ ২৪ পরগনায় সন্ত্রাসের জন্য তিনি দায়ী। পাশাপাশি, জনকল্যাণমূলক প্রকল্পে কারচুপি, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা, এমনকি ভোট-পরবর্তী হিংসায় তাঁর সংশ্লিষ্টতা নিয়েও অভিযোগ তোলেন শুভেন্দু।

অভিষেকের দাবি, এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং মানহানিকর। শুধু তা-ই নয়, এই বক্তব্য সংবাদমাধ্যম এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। প্রমাণস্বরূপ, শুভেন্দুর ওই দিনের বক্তব্যের ভিডিও পেনড্রাইভে আদালতে জমা দিয়েছেন অভিষেক। তিনি আরও জানিয়েছেন, অতীতেও একাধিকবার শুভেন্দু তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন।

আদালতের নির্দেশে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ সৃষ্টি হয়েছে। ১৯ অগস্টের শুনানির দিকে এখন নজর সবার।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত