চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক উত্তর বিভাগ। সোমবার (১১ আগস্ট) উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ-এর নেতৃত্বে মোহরা রেলগেট থেকে মেসকারঘাটা পর্যন্ত এলাকাজুড়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ২৫টি অবৈধ সিএনজি ও অটোরিকশা আটক করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

উল্লেখিত এলাকাটি দীর্ঘদিন ধরে মেট্রো রুট পারমিটবিহীন সিএনজি ও অটোরিকশার দখলে ছিল। যারা রাস্তার উভয় পাশে এলোমেলোভাবে যানবাহন রেখে সড়কে তীব্র যানজটের সৃষ্টি করত। এতে জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্স, সাধারণ যাত্রী ও পণ্যবাহী যানবাহন নিয়মিতভাবে দীর্ঘক্ষণ আটকে পড়ত। যানজটের পাশাপাশি এসব যানবাহনের চালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়, দুর্ব্যবহার এবং যাত্রী হয়রানির অভিযোগও রয়েছে।
সিএমপি কমিশনারের নির্দেশনায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযানে স্থানীয় এলাকাবাসী ও পথচারীদের মাঝে ব্যাপক স্বস্তি ফিরে আসে। তারা অবৈধ যানবাহন উচ্ছেদের এই উদ্যোগকে স্বাগত জানান এবং নিয়মিত এ ধরনের অভিযান চালানোর দাবি জানান।
উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ বলেন, “স্থানীয় জনসাধারণের ভোগান্তি লাঘবে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” তিনি আরও জানান, যান চলাচলের শৃঙ্খলা নিশ্চিত করতে এবং নগরবাসীকে স্বস্তি দিতে ট্রাফিক বিভাগ নিয়মিত নজরদারি করছে।
উল্লেখ্য, গত ১১ জুলাই একই স্থানে পরিচালিত অভিযানে ৭০টি অবৈধ যানবাহন আটক করা হয়েছিল। নিয়মিত এসব কার্যক্রমের ফলে এলাকাটিতে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়তা মিলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


