পার্বত্য রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান শুরু করেছে কোতয়ালী থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে ইয়াবা ও চোলাই মদসহ চার মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার যাত্রীবেশে অভিনব কায়দায় পাচারের সময় ৩০ লিটার চোলাই মদসহ তিন নারীকে আটক করা হয় মানিকছড়ি চেকপোস্টে। পুলিশ জানায়, কলেরা স্যালাইনের প্যাকেটে মদ ভরে শরীরে বিশেষভাবে বেঁধে বহনের চেষ্টা করছিল তারা। আটককৃতরা হলেন—চট্টগ্রামের হাটহাজারির মির্জাপুরের মহিমা আক্তার (৩৫), চট্টগ্রামের বালুছড়ার হিন্দুপাড়া নতুন মসজিদ এলাকার ছকিনা বেগম (৭৫) ও শাহিনুর (৫০)।
অন্যদিকে, শুক্রবার রাতে রাঙামাটি শহরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ হাসান নামে এক যুবককে আটক করে পুলিশ। অটোরিকশাযোগে ইয়াবা সংগ্রহ করতে যাওয়ার সময় তাকে ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হাসান বাঘাইছড়ি উপজেলার দূরছড়ি মুসলিমপাড়া এলাকার নাছির উদ্দিনের ছেলে। তিনি ইয়াবাগুলো সংগ্রহ করে স্থানীয় একটি রাজনৈতিক দলের নেতা মহিউদ্দিনের কাছে সরবরাহ করার পরিকল্পনা করেছিলেন।
ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।


