বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রাম-কক্সবাজার, বান্দরবান পরিবহন শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়

পরিবহন শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান এস এম লুৎফর রহমানের

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, পরিবহন শ্রমিকরা আজ নানামুখী সমস্যায় জর্জরিত। শ্রমিকদের নামে প্রতিদিন কোটি কোটি টাকা চাঁদা তোলা হলেও তাদের কল্যাণে একটি টাকাও ব্যয় হয় না। এই অবস্থায় শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে।

তিনি শনিবার (১৬ আগস্ট) নগর ফেডারেশনের উদ্যোগে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলার পরিবহন শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ মুহসিন। উপস্থিত ছিলেন—বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা নুর হোসাইন, সাধারণ সম্পাদক মুখতার হোসাইন সিকদার, চট্টগ্রাম মহানগরের ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম, শ্রমিক নেতা আমিনুল হক, কক্সবাজার জেলা শ্রমিকনেতা মুহাম্মদ জসিম উদ্দিন, বিশিষ্ট শ্রমিক নেতা মুহাম্মদ শাহজাহান, সৈয়দ নুর, মুফিজুর রহমান, বান্দরবান জেলা পরিবহন শ্রমিক নেতা জয়নাল আবেদীন, আরকান সড়ক শ্রমিকনেতা আবুল কালাম, মাহবুবুর রহমান, গিয়াসউদ্দিন, মুহাম্মদ আজম, মুহাম্মদ গোলাম আজমসহ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলার বিভিন্ন স্তরের শ্রমিক নেতৃবৃন্দ।

এস এম লুৎফর রহমান বলেন, বিগত সরকারের আমলে বিরোধী দলের আন্দোলন দমন কিংবা জনগণের ন্যায্য দাবির বিপরীতে পরিবহন শ্রমিকদের মাঠে নামানো হতো। এ সুযোগে এক শ্রেণির পরিবহন মাফিয়া কোটি কোটি টাকা চাঁদা তুলে সম্পদের পাহাড় গড়ে তুলেছে, বিদেশে টাকা পাচার করেছে এবং কানাডাসহ বিভিন্ন দেশে বেগমপাড়া গড়ে তুলেছে।

তিনি আরও বলেন, করোনাকালে শ্রমিকরা যখন অভাব-অনটনে দিন কাটাচ্ছিল, তখন এই মাফিয়াদের শ্রমিকদের পাশে দেখা যায়নি। বরং সরকারের দেওয়া প্রণোদনার টাকাও তারা আত্মসাৎ করেছে।

তিনি ঘোষণা দেন, ২৪-এর নতুন বাংলাদেশে পরিবহন শ্রমিকরা আর কোনো দলমতের কাছে জিম্মি হবে না। শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করা হবে। চাঁদাবাজি, বাস স্ট্যান্ড-টার্মিনাল দখল রোধ এবং শ্রমিকদের উপর পুলিশি হয়রানি ও বিআরটির অন্যায়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

“আমরা অন্যায় করব না, আমাদের উপর চাপিয়ে দেওয়া অন্যায়ও মেনে নেব না। আগামীর বাংলাদেশ হবে শ্রমজীবী মানুষের বাংলাদেশ।” — এস এম লুৎফর রহমান

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত