চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) এমএইচ নুরুল আলম আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পশ্চিম হাজারবিঘা যুব সমাজের আয়োজনে এবং আমেরিকা প্রবাসী মুজিবুর রহমানের সৌজন্যে এ ক্যাম্প সম্পন্ন হয়। সার্বিক সহযোগিতা করে লোহাগাড়া মা শিশু হাসপাতাল।
এতে দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেন পশ্চিম হাজারবিঘা গ্রামের সন্তান ডা. সাইফুর রহমান শিশির। পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয়। তাকে সহযোগিতা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী মো. মাহবুব।
ডা. সাইফুর রহমান শিশির বলেন, “গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের সেবা দেওয়ার উদ্দেশ্যে এই ফ্রি হেলথ ক্যাম্প করেছি। প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পেয়েছি। মানুষের সেবাই সবচেয়ে বড় কাজ। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “আমাদের গ্রামের মানুষ সাধারণত রোগের প্রাথমিক পর্যায়ে চিকিৎসকের কাছে না গিয়ে জটিল অবস্থায় আসে। তাই শুরুতেই চিকিৎসকের শরণাপন্ন হলে জটিলতা এড়ানো সম্ভব।”
বর্তমানে তিনি লোহাগাড়া মা শিশু হাসপাতালে প্রতি শনিবার ও রবিবার চেম্বার করেন এবং গরীব রোগীদের জন্য ফ্রি চিকিৎসা প্রদান করবেন বলেও জানান।


