বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটি যুগসন্ধিক্ষণের নির্বাচন। বিগত ১৬ বছরের ফ্যাসিস্ট শাসনামলের গ্লানি মুছে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকারই হবে এই নির্বাচনের লক্ষ্য।
তিনি বলেন, “যারা চব্বিশের জুলাই আন্দোলনে শহিদ হয়েছেন, তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। বৈষম্যহীন, ইনসাফসমৃদ্ধ দেশ গড়ে তুলতে হবে, যেখানে শ্রমিক-মজুর ও খেটে খাওয়া মানুষের অধিকার নিশ্চিত হবে। আর সে লক্ষ্য অর্জনে সবচেয়ে এগিয়ে আছে দাঁড়িপাল্লা প্রতীক। তাই আগামী নির্বাচনে শ্রমিক-জনতার জোয়ার সৃষ্টি করতে হবে দাঁড়িপাল্লার পক্ষে।”
শনিবার সকালে নগরীর একটি হলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম দক্ষিণ জেলার কার্যকরী কমিটির দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোক্তার হোসাইন সিকদার। বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের দক্ষিণ জেলার প্রধান উপদেষ্টা আনোয়ারুল আলম চৌধুরী, উপদেষ্টা অধ্যাপক মাওলানা নুরুল্লাহ, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসহাক।
অধিবেশনে বক্তারা বলেন, দক্ষিণ চট্টগ্রাম অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে সম্ভাবনাময় অঞ্চল। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, লবণ ও মৎস্যশিল্পে সরকারি পৃষ্ঠপোষকতা, কৃষি উন্নয়ন ও পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে সক্ষম নেতৃত্বকে বিজয়ী করতে হবে। তারা জোর দিয়ে বলেন, শ্রমিকসমাজের বৈষম্য দূর করা, চাঁদাবাজি-সন্ত্রাস-মাদক বন্ধ করা এবং বেকারত্ব দূরীকরণে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করাই আগামী দিনের নেতৃত্বের মূল লক্ষ্য হওয়া উচিত।
অধিবেশনে আরও বক্তব্য রাখেন শ্রমিক নেতা শফিউল আলম, শরফুল আমিন চৌধুরী, আরিফুল ইসলাম আবিদ, মাস্টার এনামুল হক, আ ন ম মহিউদ্দিন, আ ন ম শোয়াইব, আবদুস সালাম, মাওলানা জোবায়ের আহমদ ও ডা. মুহাম্মদ ইউনুস প্রমুখ।


