মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের খিল মুরালী গ্রামে শান্তি-শৃঙ্খলা রক্ষায় গ্রামবাসীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪টায় খিল মুরালী জামে মসজিদ প্রাঙ্গণে জোরারগঞ্জ থানার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হালিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জোরারগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মুক্তার হোসেন, আরশী নগর ফিউচার পার্কের পরিচালক জামাল উদ্দিন এবং সাবেক ইউপি সদস্য হেলাল উদ্দিন। এসময় জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন এবং মতামত ব্যক্ত করেন।
বক্তারা শান্তিপূর্ণ গ্রাম গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।


