রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
Single Top Banner

অবসরপ্রাপ্ত ৭৮ কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ, প্রতিবেদন জমা

নিজস্ব প্রতিবেদক

পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটির দ্বিতীয় পর্যায়ের প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে কমিটি। প্রতিবেদনে মোট ৭৮ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করা হয়েছে।

বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে কমিটির আহ্বায়ক ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান প্রতিবেদনটি জমা দেন। এ সময় প্রধান উপদেষ্টার মুখ্যসচিব সিরাজ উদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত চাকরিতে বঞ্চনার শিকার এবং অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে সুপারিশ করার জন্য গত বছরের ১৬ সেপ্টেম্বর পাঁচ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। কমিটিতে মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং আইন ও বিচার বিভাগের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত ছিলেন।

প্রথম ধাপে উপসচিব ও তদূর্ধ্ব পদে বঞ্চিতদের আবেদন পর্যালোচনা করে ২০২৪ সালের ১০ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়। দ্বিতীয় ধাপে প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের বঞ্চিত কর্মকর্তাদের আবেদন যাচাই করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে ৩১৮টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ১০৮টি আবেদন তথ্যগতভাবে অসম্পূর্ণ বা কমিটির আওতার বাইরে থাকায় বাতিল হয়। ফলে ২১০টি আবেদন যাচাই-বাছাই করা হয়।

এই যাচাই প্রক্রিয়ায় কমিটি ১৪টি সভা করে এবং সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবদের মতামত ও সুপারিশ বিবেচনায় নেয়। সবকিছু যাচাইয়ের পর ৭৮ জন কর্মকর্তার ভূতাপেক্ষ পদোন্নতি সুপারিশ করা হয়। এর মধ্যে গ্রেড-১ পদে ১২ জন, গ্রেড-২ পদে ৩২ জন এবং গ্রেড-৩ পদে ৩৪ জন রয়েছেন।

সুপারিশের মধ্যে ৬ জনকে তিন ধাপ, ১৭ জনকে দুই ধাপ এবং ৫৫ জনকে এক ধাপ পদোন্নতি দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অপরদিকে ১৩২ জন কর্মকর্তাকে পদোন্নতির জন্য সুপারিশ করা হয়নি এবং প্রতিটি ক্ষেত্রে কারণ উল্লেখ করা হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত