লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে শ্রীরামপুর উচ্চবিদ্যালয়ে ভোটগ্রহণ শেষে তিনি মোরগ প্রতীকে ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন।
একই নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীকে ২৫৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন মো. অলি উল্যা। সাংগঠনিক সম্পাদক পদে মাছ প্রতীকে ২৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম সম্রাট।
মোট ৪৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএলডিপির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাৎ হোসেন সেলিম, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি ইমাম হোসেন, ঢাকা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি এল রহমান প্রমুখ।


