বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রাম বন্দরে জালিয়াতির মাধ্যমে আনা ২৬ টন সিগারেট পেপার জব্দ

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম বন্দরে জালিয়াতির মাধ্যমে আনা ২৬ টন সিগারেট পেপার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। ঘোষণায় পেপার রিবন ও স্ট্র পেপারের কথা উল্লেখ করা হলেও পরীক্ষায় দেখা গেছে পণ্যগুলো আসলে সিগারেট তৈরির কাগজ।

কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, ঢাকাভিত্তিক আরএম এন্টারপ্রাইজ জুলাইয়ের মাঝামাঝি হংকং থেকে ১৬ টনের একটি চালান আনে। ঘোষণায় বলা হয় এটি স্ট্র পেপার বা খড়ের কাগজ। একই মাসের শেষ দিকে স্মার্ট মুভ নামে আরেকটি প্রতিষ্ঠান রিবন পেপারের ঘোষণা দিয়ে আরও ১০ টনের একটি চালান আমদানি করে।

পণ্যের নমুনা পরীক্ষা করা হয় বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় ঘোষণার আড়ালে সিগারেট পেপার আমদানি করা হয়েছে। প্রতিষ্ঠান দুটি যে ঠিকানা ব্যবহার করেছে সেখানে কোনো কার্যক্রমের অস্তিত্ব পাওয়া যায়নি।

কাস্টমস কর্মকর্তাদের মতে, এই চালানগুলোর মাধ্যমে প্রায় ১৩৭ কোটি টাকার শুল্ক-কর ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয়েছে। ভুয়া ঘোষণার জন্য জরিমানা আরোপের পাশাপাশি পণ্যের জন্য প্রযোজ্য ভ্যাট ও শুল্ক আদায় না হওয়া পর্যন্ত কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতি বছর বিভিন্ন পণ্যের আড়ালে নামসর্বস্ব প্রতিষ্ঠান ব্যবহার করে বড় অঙ্কের শুল্ক-কর ফাঁকি দেওয়া হচ্ছে এবং এর পেছনে প্রভাবশালী চক্রের সম্পৃক্ততা রয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত