কক্সবাজারের চকরিয়া থানার হাজতের একটি কক্ষে আত্মহত্যা করেছেন দুর্জয় চৌধুরী (৩৫) নামে এক যুবক। তিনি চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
শুক্রবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব হাজতকক্ষ থেকে লাশ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
দুর্জয় চৌধুরী চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী হিন্দু পাড়ার কমল চৌধুরীর পুত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের টাকা আত্মসাতের অভিযোগে বৃহস্পতিবার রাতে (২১ আগস্ট) ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া খানমের দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে দুর্জয়কে থানায় সোপর্দ করা হয়। তবে ভোররাতে নিজের পরনের শার্ট দিয়ে ফাঁস নিয়ে হাজতকক্ষে আত্মহত্যা করেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. জসীম উদ্দিন।


