বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির ও কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, জামায়াতে ইসলামী দুনিয়ার কোনো অশুভ শক্তিকে ভয় পাওয়ার মতো সংগঠন নয়। দুনিয়াবী সফলতা অর্জনের জন্য জামায়াত রাজনীতি করে না। বরং একমাত্র আল্লাহতায়ালাকে সন্তুষ্ট করার জন্যই আমরা জামায়াতের পতাকাতলে সমবেত হয়েছি।
তিনি শুক্রবার (২২ আগস্ট) সকালে সাতকানিয়ার কেরানিহাট শহর শাখার উদ্যোগে আয়োজিত শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শিক্ষা বৈঠকে সভাপতিত্ব করেন শাখা আমির ও বিশিষ্ট ব্যাংকার মাওলানা মোহাম্মদ নাছির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সম্পাদক মোহাম্মদ জাকারিয়া এবং কেরানিহাট শহর শাখার সেক্রেটারি মাওলানা আব্দুল মালেক।
এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী তার বক্তব্যে আরও বলেন, “জামায়াত ইসলামী এমন এক আদর্শের উপর প্রতিষ্ঠিত, যা কেবল আল্লাহর বিধান অনুযায়ী সমাজ ও রাষ্ট্র পরিচালনার লক্ষ্য নিয়ে কাজ করে। এ সংগঠন কোনো ভয়-ভীতি বা স্বার্থান্বেষী চিন্তা থেকে রাজনীতি করে না। বরং ত্যাগ, কোরবানি ও ন্যায়নীতির মাধ্যমে দেশ ও জাতিকে প্রকৃত কল্যাণের পথে পরিচালিত করাই এর উদ্দেশ্য।”
অনুষ্ঠানে দারসুল কোরআন পেশ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা আরেফ জামি। এছাড়া শিক্ষা বৈঠকে স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।


