সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পেলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা সারজিস আলমের শ্বশুর অ্যাডভোকেট মো. লুৎফর রহমান। সোমবার (২৫ আগস্ট) রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে নিয়োগ দিয়েছেন। নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে এবং অনধিক দুই বছরের জন্য বহাল থাকবে।
এ নিয়োগের মধ্য দিয়ে মোট ২৫ জনকে হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ৯ জন বিচার বিভাগীয় কর্মকর্তা, ৯ জন আইনজীবী এবং ৭ জন আইন কর্মকর্তা রয়েছেন।
হাইকোর্টের নতুন অতিরিক্ত বিচারকরা হলেন— মো. আনোয়ারুল ইসলাম (শাহীন), মো. সাইফুল ইসলাম, মো. নুরুল ইসলাম, শেখ আবু তাহের, আজিজ আহমদ ভূঞা, রাজিউদ্দিন আহমেদ, ফয়সাল হাসান আরিফ, এস এম সাইফুল ইসলাম, মো. আসিফ হাসান, মো. জিয়াউল হক, দিহিদার মাসুম কবীর, জেসমিন আরা বেগম, মুরাদ-এ-মাওলা সোহেল, মো. জাকির হোসেন, মো. রাফিজুল ইসলাম, মো. মনজুর আলম, মো. লুৎফর রহমান, রেজাউল করিম, ফাতেমা আনোয়ার, মাহমুদ হাসান, আবদুর রহমান, সৈয়দ হাসান যুবাইর, এ এফ এম সাইফুল করিম, উর্মি রহমান এবং এস এম ইফতেখার উদ্দিন মাহমুদ।


