রাজধানীর কাকরাইলে হামলায় গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের কিছুটা জ্ঞান ফিরেছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টার দিকে নুরুল হক নুরের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়। সেখানে নাকে ব্যান্ডেজ এবং মুখে অক্সিজেন মাক্স পরা অবস্থায় বেডে শুয়ে থাকা নুরের দুটি ছবিও পোস্ট করা হয়।
স্ট্যাটাসে লেখা হয়, “নুরুল হক নুরের ওপর গতরাতে হামলার পর এখন পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন। এখন তার কিছুটা হুঁশ ফিরেছে। সবাই তার জন্য দোয়া করবেন।”
শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীতে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন নুরুল হক নুর। পরে সহকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, নুরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তে ভিজে গেছে এবং নাক ফেটে গেছে। এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন।
রাতে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, ডাক্তাররা জানিয়েছেন নুরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন।


