চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী আজ শনিবার (৩০ আগস্ট) ভোরে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। সেনাবাহিনীর তৎপরতায় চারজন সন্ত্রাসীকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

অভিযান চলাকালে কারখানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে দেশীয় অস্ত্র ৬টি, খালি কার্তুজ ৩৫ রাউন্ড, তাজা কার্তুজ ৫ রাউন্ড, চাইনিজ কুড়াল ১টি, ছুরি ২০টি, ওয়াকিটকি ও চার্জার ২টি, মেগাফোন ১টি, প্যারাসুট ফ্লেয়ার ৪টি এবং অস্ত্র তৈরির জন্য ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও যন্ত্রপাতি।
সেনাবাহিনী জানিয়েছে, আটককৃত সন্ত্রাসীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নিকটস্থ থানায় পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের সন্ত্রাসবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও চলবে।


