আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে নতুন করে ৪ হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) পদ সৃজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ২ হাজার পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে, যা এই প্রথমবারের মতো এএসআই পর্যায়ে সরাসরি নিয়োগের সুযোগ সৃষ্টি করছে।
বুধবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমানের সঙ্গে বৈঠক শেষে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, “চার হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে। এর অর্ধেক হবে পদোন্নতির মাধ্যমে এবং অর্ধেক হবে সরাসরি নিয়োগে। এ নিয়ে আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ে আলোচনা করেছি। কিছু বিধি সংশোধনের প্রয়োজন ছিল, সেগুলো প্রক্রিয়াধীন।”
আইজিপি আরও জানান, এএসআই পদে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হবে এইচএসসি পাস।
এই নিয়োগ আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবেই নেওয়া হচ্ছে বলে আইজিপি স্বীকার করেন। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা ইতোমধ্যে বেশকিছু ফোর্সে নিয়োগের বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছেন। আমরা সেগুলো বাস্তবায়ন করছি।”
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান বলেন, “আগামী নির্বাচনকে সরকার রোল মডেল হিসেবে করতে চায়। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই যেন পুলিশ বাহিনী মাঠে পুরোপুরি প্রস্তুত হয়, সেজন্য এই নিয়োগ প্রক্রিয়া গতিশীল করা হয়েছে।”
তিনি আরও জানান, অর্থ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, লেজিসলেটিভ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সমন্বয়ে এএসআইসহ একাধিক পদ সৃজন করা হয়েছে। পুলিশের পাশাপাশি আনসার বাহিনীকেও মাঠপর্যায়ে নিয়োগ ও প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যে রাখা হয়েছে।


