চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মোহাম্মদ ফরিদুল আলমের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে লাখেরা উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪নং কোলাগাঁও ইউনিয়নের তত্ত্বাবধানে এবং কালারপোল সাংগঠনিক থানার নায়েবে আমির মোহাম্মদ ইব্রাহিমের পরিচালনায় অনুষ্ঠিত এ ক্যাম্প উদ্বোধন করেন ডা. মোহাম্মদ ফরিদুল আলম। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরী প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান এবং চট্টগ্রাম আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ট্রাস্টি সদস্য।
চিকিৎসা সেবা দিতে ক্যাম্পে উপস্থিত ছিলেন হৃৎরোগ বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ এবং চর্মরোগ বিশেষজ্ঞ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালারপোল সাংগঠনিক থানার আমীর এস.এম. নাছির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী বক্তব্যে ডা. ফরিদুল আলম বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। একজন ডাক্তার হিসেবে আমি মানুষের মৌলিক অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করে পটিয়া উপজেলার প্রতিটি জনপদে এই সেবা পৌঁছে দিতে চাই। আগামীর উন্নয়ন পরিকল্পনায় প্রতিটি ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে আধুনিক ও যুগোপযোগী স্বাস্থ্যসেবা নিশ্চিতের অঙ্গীকার ব্যক্ত করছি।


