বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামের জশনে জুলুসে পদদলিত হয়ে দুই জনের মৃত্যুতে সাবেক এমপি শাহজাহান চৌধুরীর শোক 

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক জশনে জুলুসে পদদলিত হয়ে দুই জনের করুণ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। নিহতরা হলেন—চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের বাসিন্দা আইয়ুব আলী (৬০) এবং নগরীর কালামিয়া বাজার এলাকার কিশোর সাইফুল ইসলাম (১৩)।

শনিবার (৬ সেপ্টেম্বর) প্রচণ্ড ভিড়ের মধ্যে দুপুরের দিকে মুরাদপুর এলাকায় পদদলিত হয়ে আইয়ুব আলী ও সাইফুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই ঘটনায় আরও কয়েকজন আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই মর্মান্তিক ঘটনায় শোকবার্তায় সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেন, “হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে প্রাণ হারানো এ দুই ব্যক্তির মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। আমি মরহুমদের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

সাবেক এমপি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের শোকাবহ পরিস্থিতি প্রতিরোধে প্রশাসন ও আয়োজকদের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

এর আগে শনিবার লাখো মুসল্লির অংশগ্রহণে ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসাসংলগ্ন আলমগীর খানকা থেকে জুলুস যাত্রা শুরু হয়। দীর্ঘ শোভাযাত্রাটি বিবিরহাট, মুরাদপুর, জিইসি মোড় হয়ে পুনরায় ষোলশহরের জুলুস ময়দানে গিয়ে সমবেত হয়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত