বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

গণছুটিতে থাকা পল্লী বিদ্যুৎ কর্মচারীরা ২৪ ঘণ্টার মধ্যে কাজে যোগ না দিলে ব্যবস্থা 

নিজস্ব প্রতিবেদক

চার দফা দাবিতে অনির্দিষ্টকালের ‘গণছুটি’ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। তবে জরুরি বিদ্যুৎ সেবা চালু থাকবে বলে জানিয়েছেন তারা।

রোববার (৭ সেপ্টেম্বর) পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যুৎ খাতের সংস্কার, চাকরিতে বৈষম্য দূরীকরণ ও হয়রানিমূলক পদক্ষেপ বন্ধসহ চার দফা দাবিতে সকাল থেকে কর্মসূচি শুরু হয়েছে। আন্দোলন চলাকালীন বিদ্যুৎ সরবরাহ যাতে বিঘ্নিত না হয়, সেজন্য প্রতিটি উপকেন্দ্রে দুইজন করে কর্মী দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত বছরের জানুয়ারি থেকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) শোষণ ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। এরপর একাধিকবার অবস্থান কর্মসূচি পালিত হলেও সরকার গঠিত বিশেষজ্ঞ কমিটি এবং অন্যান্য কমিটির সুপারিশ এখনো প্রকাশ বা বাস্তবায়ন হয়নি। ফলে কর্মচারীরা আবারও আন্দোলনে নেমেছেন।

অন্যদিকে, বিদ্যুৎ বিভাগ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সরকারের পক্ষ থেকে দাবি পূরণের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে সরকার সংবেদনশীল। তবে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটানো অত্যাবশ্যক পরিষেবা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত বছর পল্লী বিদ্যুৎ সমিতির অনুরূপ আন্দোলনে দেশে ব্ল্যাক আউট পরিস্থিতি তৈরি হয়েছিল। এরপর সরকার কঠোর পদক্ষেপ নেয়। তখন আন্দোলনকারী নেতাদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারসহ কয়েক হাজার কর্মীকে বদলি ও চাকরিচ্যুত করার অভিযোগ রয়েছে, যা এখনও অব্যাহত আছে বলে দাবি করেছে সংগঠনটি।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত