চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের শতবর্ষী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মির্জাখীল হাই স্কুল অ্যান্ড কলেজে নবনির্মিত প্রবেশদ্বার (গেইট) নির্মাণে বাধা এবং প্রতিষ্ঠানকে ঘিরে নানা ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয়ের সামনে আয়োজিত এ মানববন্ধনে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় সর্বস্তরের মানুষ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মির্জাখীল হাই স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আকতার আহমদ, চীফ ইঞ্জিনিয়ার জালাল উদ্দীন চৌধুরী, প্রাক্তন ছাত্র ডা. রোকন উদ্দিন পারভেজ, শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিনসহ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং এলাকাবাসী।
অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, স্কুল কমিটির সদস্যদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে। তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে যারা ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে মিথ্যা মামলা প্রত্যাহার করে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম স্বাভাবিক রাখার দাবি জানান শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা।


