বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় প্রতিবছর হাজারো মানুষের প্রাণহানি ঘটছে। গত ১১ বছরে সড়ক দুর্ঘটনায় ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনের পর্যবেক্ষণ অনুযায়ী, এ সময়ে ৬২ হাজার ৬১৯টি দুর্ঘটনায় ৮৬ হাজার ৬৯০ জন নিহত এবং এক লাখ ৫৩ হাজার ২৫৭ জন আহত হয়েছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘যাত্রী অধিকার দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ তথ্য তুলে ধরেন সংগঠনের মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা এখন দেশের অন্যতম বড় সংকটে পরিণত হয়েছে। প্রাণহানির পাশাপাশি লাখো মানুষ স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন, যা পরিবার ও সমাজে দীর্ঘস্থায়ী বিপর্যয় ডেকে এনেছে।
তিনি আরও বলেন, বিশ্বব্যাংকের হিসাবে শুধুমাত্র রাজধানীর যানজটে প্রতিদিন নষ্ট হচ্ছে ৩২ লাখ কর্মঘণ্টা। এর আর্থিক ক্ষতি বছরে দাঁড়াচ্ছে প্রায় ৯৮ হাজার কোটি টাকা। জ্বালানির অপচয় হচ্ছে প্রায় ১১ হাজার কোটি টাকার। যানজটের কারণে মানুষ শুধু অর্থনৈতিক ক্ষতিই নয়, মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মুখেও পড়ছে। উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট, ক্যান্সার, হৃদরোগ, কিডনি জটিলতা, এমনকি সংসার ভাঙার ঝুঁকি পর্যন্ত বাড়ছে।
মোজাম্মেল হক বলেন, সড়ক পরিবহন খাতে দীর্ঘদিনের দুর্নীতি, অব্যবস্থাপনা ও ভুলনীতির কারণে পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে। উন্নত গণপরিবহনের অভাবে রাইড শেয়ারিং মোটরসাইকেল, ইজিবাইক ও অটোরিকশার মতো ছোট পরিবহন এখন দেশের প্রধান বাহনে পরিণত হয়েছে। বাধ্য হয়ে ৫৬ শতাংশ মানুষ ব্যক্তিগত পরিবহন ব্যবহার করছে। এর ফলে যানজট শুধু শহর ও নগরে নয়, গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে।
তিনি অভিযোগ করেন, ২০১৮ সালে প্রণীত সড়ক পরিবহন আইন যাত্রী ও নাগরিক সমাজের মতামত উপেক্ষা করায় কার্যকর সমাধান দিতে পারেনি। এমনকি হাজারো প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশেও অন্তর্বর্তী সরকার সড়ক খাতে কোনো সংস্কারমূলক পদক্ষেপ নেয়নি।
এ অবস্থায় প্রতি বছর সড়কে হাজার হাজার প্রাণহানি রোধ ও যানজটের ভোগান্তি লাঘবের লক্ষ্যে উন্নত গণপরিবহন নিশ্চিত করার কৌশল রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য দীপক রায়, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সংগঠনের সাবেক চেয়ারম্যান শরিফ রফিকুজ্জামান, সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ ইয়াসিন চৌধুরী, মোঃ বিল্লাল হোসেন প্রমুখ।


