চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের পাশাপাশি এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে শিল্পী রশীদ চৌধুরী হোস্টেল সংসদ নির্বাচন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৬টার দিকে চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।
হোস্টেলটি মূল ক্যাম্পাস থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে নগরীর মেহেদীবাগ এলাকায় অবস্থিত। এটি চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত।
সংসদে মোট ১২টি পদ থাকলেও নির্বাচনে ভোট গ্রহণ হবে ১০টি পদে। পদগুলো হলো— সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, খেলাধুলা ক্রীড়া ও ক্যান্টিন বিষয়ক সম্পাদক, শিক্ষা সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, দপ্তর সম্পাদক, স্বাস্থ্য আবাসন ও যোগাযোগ বিষয়ক সম্পাদক এবং সমাজসেবা পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক। এছাড়া নির্বাহী সদস্য পদে ২ জন নির্বাচিত হবেন।
চবি নির্বাচন কমিশন জানিয়েছে, কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনের পাশাপাশি এই হোস্টেল সংসদ নির্বাচনও একই প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে।


