মিয়ানমার থেকে পণ্যের বিনিময়ে মাদক পাচারের সময় বিপুল পরিমাণ খাদ্যসামগ্রীসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা, মদসহ বিভিন্ন মাদকদ্রব্য মিয়ানমার থেকে দেশে আনবে। এ তথ্যের ভিত্তিতে গত ১৮ সেপ্টেম্বর রাত ১১টার দিকে কোস্ট গার্ডের জাহাজ কামরুজ্জামান সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালায়।
অভিযানকালে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩৭ লাখ ৭০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী জব্দ করা হয়। এর মধ্যে ছিল ১০ হাজার কেজি ডাল, ১ লাখ ৫০ হাজার পিস মশার কয়েল, ২ হাজার ৫০০ কেজি রসুন, ১ হাজার কেজি টেস্টিং সল্ট, ১০ হাজার পিস রয়েল টাইগার এনার্জি ড্রিঙ্কস এবং ২ হাজার ৫০০ কেজি পেঁয়াজ। এ সময় পাচারকাজে ব্যবহৃত বোটসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত মালামাল, বোট এবং আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা। তিনি আরও বলেন, চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


