আসন্ন শারদীয় দুর্গাপূজা–২০২৫ উপলক্ষে চট্টগ্রাম মহানগরীতে পূজামণ্ডপকেন্দ্রিক এলাকায় শান্তিপূর্ণ, নিরাপদ ও যানজটমুক্ত পরিবেশ নিশ্চিত করতে ট্রাফিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় দামপাড়া পুলিশ লাইন্সস্থ সিএমপি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আসফিকুজ্জামান আকতার। এতে চট্টগ্রাম মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন স্টেকহোল্ডার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় দুর্গাপূজা চলাকালীন সময়ে পূজামণ্ডপকেন্দ্রিক এলাকায় নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ, গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ এলাকায় অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন, বিকল্প সড়ক ব্যবহার, যানবাহনের পার্কিং নিয়ন্ত্রণ এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতি মো. আসফিকুজ্জামান আকতার বলেন, “শারদীয় দুর্গাপূজা শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ উৎসবকে কেন্দ্র করে নগরীতে বিপুল জনসমাগম ঘটে, তাই আমাদের ট্রাফিক ব্যবস্থাপনাকে হতে হবে আরও সুসংগঠিত ও কার্যকর। পূজামণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আমরা বিশেষ ট্রাফিক পরিকল্পনা হাতে নিয়েছি। নগরীর গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ এলাকায় অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে, বিকল্প রুট নির্ধারণ করা হবে এবং যানবাহন পার্কিংয়ের ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হবে। সকলকে অনুরোধ করছি ট্রাফিক আইন মেনে চলার জন্য, যাতে দুর্গাপূজা উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপিত হয় এবং নগরীর সড়কে শৃঙ্খলা বজায় থাকে।”
এসময় সভায় উপস্থিত ছিলেন, সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সহ সিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন স্টেকহোল্ডার প্রতিনিধিবৃন্দ।


