বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

ঈদগাঁও থেকে অপহৃত শিশুকে কুতুবদিয়া থেকে উদ্ধার

আনোয়ার হোছাইন, ঈদগাঁও (কক্সবাজার) : 

কক্সবাজারের ঈদগাঁও থেকে অপহৃত শিশু শিক্ষার্থী আব্দুল্লাহ বিন তামিম (১২)–কে অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাতে কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল এলাকা থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ২৬ সেপ্টেম্বর দুপুরে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের খাঁন ঘোনা নুরে ছখিনা হেফজখানার ছাত্র তামিমকে নিয়ে রহস্যজনকভাবে উধাও হয়ে যান কথিত শিক্ষক দেলোয়ার হোসাইন। বারবার মোবাইল ফোনে যোগাযোগ করেও শিশুর অবস্থান না পেয়ে আতঙ্কিত মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পর জেলা পুলিশ সুপার সাইফ উদ্দিনের নির্দেশে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিনের তত্ত্বাবধানে এসআই আশরাফের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়। প্রযুক্তির সহায়তায় দেলোয়ার হোসাইনের ব্যবহৃত মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করে কুতুবদিয়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে। অভিযানে স্থানীয় থানা পুলিশও সহযোগিতা করে।

অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তা এসআই আশরাফ জানান, শিশুটি সুস্থ অবস্থায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা রুজু হয়েছে।

ওসি ফরিদা ইয়াসমিন বলেন, “নতুন কর্মস্থলে যোগদানের দুই সপ্তাহের মধ্যেই পুলিশ সুপার মহোদয়ের সহযোগিতায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিখোঁজ শিশুকে উদ্ধার ও ডাকাতির ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার সম্ভব হয়েছে। এটি পুলিশের জন্য বড় সাফল্য।”

অপরদিকে, শিশু তামিমকে উদ্ধার হওয়ার খবরে পরিবার ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। তবে অভিযুক্ত শিক্ষক দেলোয়ার হোসাইন এখনো পলাতক রয়েছেন। তাকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত