দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে বুধবার (১ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও দুজন মারা গেছেন। মৃতদের একজন নারী ও একজন পুরুষ, দুজনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের বয়স ১৬ থেকে ২৫ বছরের মধ্যে। এর মধ্য দিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০০ জনে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। পরিসংখ্যানে দেখা যায়, ২০২৪ সালের প্রথম নয় মাসে ডেঙ্গুতে মারা গেছেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালে এক হাজার ৭০৫ জন, ২০২২ সালে ২৮১ জন, ২০২১ সালে ১০৫ জন এবং ২০১৯ সালে ১৭৯ জন মারা গিয়েছিলেন।
অক্টোবরের প্রথম দিনে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯০ জন। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ৪৭ হাজার ৮৩২ জনে। আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি ছিল সেপ্টেম্বরে। সদ্য শেষ হওয়া মাসটিতে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৮৬৬ জন এবং মারা গেছেন ৭৬ জন। জুলাই মাসে ভর্তি হয়েছিলেন ১০ হাজার ৬৮৪ জন। জানুয়ারিতে ভর্তি হয়েছিলেন এক হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে এক হাজার ৭৭৩, জুনে পাঁচ হাজার ৯৫১ এবং আগস্টে ১০ হাজার ৪৯৬ জন।
চলতি বছরের জুলাই মাসে ডেঙ্গুতে মারা গেছেন ৪১ জন, যা দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে জানুয়ারিতে মারা গেছেন ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন, জুনে ১৯ জন এবং আগস্টে ৩৯ জন। মার্চে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
গতকাল ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ১৪২ জন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়। এছাড়া ঢাকা বিভাগের অন্য এলাকায় ১০৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৮ জন, চট্টগ্রাম বিভাগে ৬৪ জন, রংপুর বিভাগে ১৩ জন এবং বরিশাল বিভাগে ১৩৮ জন ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন দুই হাজার ৩৫৯ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮০৮ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন এক হাজার ৫৫১ জন।


