শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে ২০ কোটি টাকার জাল মুদ্রাসহ চক্রের দুই সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম নগরীতে ২০ কোটি টাকার দেশি-বিদেশি জাল মুদ্রাসহ একটি সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে নগরীর চাঁদগাঁও থানাধীন নুরনগর হাউজিং সোসাইটির সুলতান টাওয়ারের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলো—চকরিয়া থানার বিমু বিলছড়ি এলাকার তাজ উদ্দিনের ছেলে তানবিজ উদ্দিন (২০) এবং চন্দনাইশ উপজেলার আলাউদ্দিনের ছেলে আসিফ (২২)।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে ইউরো, সৌদি রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, ইউএস ডলার, মিয়ানমার কিয়াট এবং বাংলাদেশি বিভিন্ন মানের বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাল মুদ্রার বাংলাদেশি মুদ্রামান আনুমানিক ২০ কোটি টাকা বলে র‌্যাব জানায়।

র‌্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, চক্রটি বিদেশি ও দেশি জাল মুদ্রা তৈরি ও সরবরাহে জড়িত। পরে নির্দিষ্ট ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল মুদ্রাসহ দুই সদস্যকে গ্রেফতার করা হয়।”

তিনি আরও বলেন, এই চক্রটি দেশি-বিদেশি জাল মুদ্রা তৈরি করে তা পাচারের উদ্দেশ্যে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিল। উদ্ধার করা মুদ্রার মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ বিদেশি নোটও রয়েছে, যা অত্যন্ত নিখুঁতভাবে তৈরি করা হয়েছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চাঁদগাঁও থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে র‌্যাব সূত্রে জানা গেছে।

র‌্যাব জানায়, জাল মুদ্রা উৎপাদন ও বাণিজ্যের সঙ্গে জড়িত চক্রগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত