বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

উখিয়ায় ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

আনোয়ার হোছাইন, (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধি : 

কক্সবাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৩৪ ব্যাটালিয়নের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১ লাখ ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ একটি সিএনজি ও এক রোহিঙ্গা যুবককে আটক করেছে টহলদল।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় কুতুপালং–হিজলিয়া সড়কে এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি সুত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ির ঘুমধুম রেজুআমতলী বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে—কুতুপালং এলাকা থেকে সিএনজিযোগে বিপুল পরিমাণ ইয়াবা কক্সবাজার শহরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বিকেল সাড়ে ৬টার দিকে কুকিয়াপাড়া সড়কে সিএনজিটিকে ধাওয়া করে হিজলিয়া এলাকায় আটক করা হয়।

পরে সিএনজির সামনের বক্স ও সিটের নিচে লুকানো অভিনব কায়দায় রাখা ১ লাখ ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি ও একটি মোবাইল ফোনও জব্দ করে বিজিবি। এসময় এফডিএমএন রোহিঙ্গা যুবক আব্দুল্লাহ (২৪)–কে আটক করা হয়। তার বাড়ি উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পের ব্লক–ই এলাকায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, মাদক ও চোরাচালান দমনে সর্বোচ্চ সতর্কতা নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের সফল অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, আটক রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে ইয়াবা ও অন্যান্য জব্দকৃত আলামতসহ তাকে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ ৩৪ ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে সফলতার ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এসব অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ও আস্থা বৃদ্ধি পেয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত