বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ৮–১২ ফেব্রুয়ারির মধ্যে

নিজস্ব প্রতিবেদক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারি মাসের ৮ থেকে ১২ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

নির্বাচন কমিশনার জানান, ৮ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে যেকোনো মাঝামাঝি তারিখে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে। তার ভাষায়, “৮ ফেব্রুয়ারি থেকে এক-দু’দিন পরে কিংবা ১২ ফেব্রুয়ারি থেকে এক-দু’দিন আগেও নির্বাচন হতে পারে। অর্থাৎ মাঝামাঝি একটি সময় নির্ধারণ করার সম্ভাবনাই বেশি।”

৮ ফেব্রুয়ারির (রোববার) এবং ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) হওয়ায় মঙ্গলবারের দিকেই নির্বাচন হওয়ার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন কমিশনার আনোয়ারুল ইসলাম।

এদিকে, আগামী সপ্তাহের রোববার (৭ ডিসেম্বর) ভোট নিয়ে নির্বাচন কমিশনের সভা অনুষ্ঠিত হবে। সেখানেই তফসিলের সব তারিখ চূড়ান্ত করা হবে। সিদ্ধান্ত অনুযায়ী দু-তিন দিনের ব্যবধানে বা ১১ ডিসেম্বর, বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হতে পারে।

একইদিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের কারণে ভোটগ্রহণের সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে নির্বাচন কমিশন। কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, “গণভোট ও সংসদ নির্বাচন একসঙ্গে হওয়ায় গোপন কক্ষের সংখ্যা বাড়ানোর চিন্তা করা হচ্ছে। পাশাপাশি ভোটের সময় এক ঘণ্টা বাড়িয়ে মোট নয় ঘণ্টা করা হতে পারে।”

বর্তমানে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট নেওয়া হয়। প্রস্তাব অনুযায়ী ভোট শুরুর সময় সাড়ে ৭টা এবং শেষ হওয়ার সময় সাড়ে ৪টা করা হতে পারে। এতে ভোটারদের ভিড় সামলাতে নির্বাচন কর্মকর্তাদেরও সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত