ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মোদি যে বার্তা দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কৃতজ্ঞতা প্রকাশ করে দলটি।
বিএনপির পোস্টে বলা হয়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা এবং তার প্রতি আন্তরিক শুভেচ্ছার জন্য আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গভীর কৃতজ্ঞতা জানাই। পোস্টে আরও উল্লেখ করা হয়, মোদির সদয় শুভেচ্ছা, সমর্থন প্রদানের প্রস্তুতি এবং মানবিক বার্তাকে বিএনপি গভীরভাবে সাধুবাদ জানায়।
এর আগে সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে (টুইটার) পোস্ট দিয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ প্রকাশ করেন এবং প্রয়োজন হলে ভারতের তরফ থেকে যে কোনো সহায়তা প্রদানের প্রস্তুতির কথা জানান। ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
মোদি তার পোস্টে লেখেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি সম্পর্কে জেনে আমি গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশের জনজীবনে বহু বছর ধরে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তার দ্রুত সুস্থতা কামনা করছি। ভারত সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত— যেভাবে পারি।
বিএনপি মোদির এ মানবিক মনোভাব ও ইতিবাচক বার্তাকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি সদিচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে দেখছে।


