বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের শ্রদ্ধা, জিয়াউর রহমানের কবরে ফুল অর্পণ

নিজস্ব প্রতিবেদক

সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারেক রহমানের সঙ্গে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে বিকাল ৫টার দিকে রাজধানী ঢাকা থেকে সাভারের উদ্দেশে রওনা হন তিনি।

জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার পূর্বে বিকাল ৪টা ৪২ মিনিটে শেরেবাংলানগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পরে সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে স্বদেশে প্রত্যাবর্তন করেন তারেক রহমান। তাকে অভ্যর্থনা জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকা পর্যন্ত অগণিত মানুষের ঢল নামে। ঐতিহাসিক ও নজিরবিহীন এ জনসমাগমে পুরো ঢাকা মহানগরী জনসমুদ্রে পরিণত হয়।

পরে বিকালে রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট) আয়োজিত বিশাল গণসংবর্ধনায় বক্তব্য রাখেন তারেক রহমান। সেখানে তিনি তার ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা ও দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। জনসমুদ্রে দাঁড়িয়ে আবেগঘন কণ্ঠে তিনি একটি নিরাপদ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন তুলে ধরেন, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত হবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত