ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতারা।
শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। মিছিলটি লেকচার থিয়েটার, ভিসি চত্বর ও টিএসসি প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে পৌঁছালে তা অবরোধে রূপ নেয়।
মিছিলে শিক্ষার্থী, ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশ নেন। অবস্থান কর্মসূচির ফলে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়, এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, “হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। রাষ্ট্র যদি নাগরিকের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় এবং হত্যার বিচারের নিশ্চয়তা দিতে না পারে, তাহলে সেই সরকারের কোনো নৈতিক অধিকার নেই।”
এ সময় ইনকিলাব মঞ্চ তাদের তিন দফা দাবি পুনর্ব্যক্ত করে। দাবিগুলো হলো— দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে হত্যার বিচার সম্পন্ন করা; হত্যার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত গোয়েন্দা সংস্থা, যেমন এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডকে তদন্তে যুক্ত করা; সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সে লুকিয়ে থাকা দায়ীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী ও আইন উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করা।
আব্দুল্লাহ আল জাবের আরও বলেন, “শহীদ ওসমান হাদি নিজের জন্য কখনো নিরাপত্তা চাননি। তিনি চেয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন থাকুক। তার রক্তের দাবি কখনো মুছে যাবে না।”
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা বলেন, “সরকার যদি ন্যূনতম বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। আমরা রাস্তায় নেমেছি, কারণ আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই।”
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস সালাউদ্দিন আম্মার বলেন, “হাদির রক্তের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না। আমাদের আজাদীর লড়াই ও ইনসাফের লড়াই চলতেই থাকবে।”
অবস্থান কর্মসূচিতে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন। ইনকিলাব মঞ্চের নেতারা জানান, প্রয়োজনে দিনরাত শাহবাগে অবস্থান চলবে এবং বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে।


