আগামী ৩০ জানুয়ারি মেরিডিয়ান কোহিনূর সিটির শুভ উদ্বোধন
চট্টগ্রামে শুরু হচ্ছে সর্ববৃহৎ এক্সপেরিয়েন্স মল
চট্টগ্রামবাসীর শপিং ও বিনোদনের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে মেরিডিয়ান হোল্ডিংস-এর সিগনেচার প্রজেক্ট মেরিডিয়ান কোহিনূর সিটি। আগামী ৩০ জানুয়ারি ২০২৬, শুক্রবার, নগরীর প্রাণকেন্দ্র দামপাড়ায় অবস্থিত চট্টগ্রামের সর্ববৃহৎ এক্সপেরিয়েন্স মলটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এক প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মেরিডিয়ান গ্রুপের চেয়ারপার্সন কোহিনূর কামাল, ডিরেক্টর আকিব কামাল, সিইও শান্তনু বড়ুয়া এফসিএ, মেরিডিয়ান হোল্ডিংস-এর সিওও মোহাম্মদ ফাহিম, মেরিডিয়ান কোহিনূর সিটির এডভাইজর আসাদ ইফতেখারসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ী নেতৃবৃন্দ।
প্রেস কনফারেন্সে জানানো হয়, মেরিডিয়ান কোহিনূর সিটি একটি ২৩ তলা বিশিষ্ট মিক্সড-ইউজড ভবন। এর প্রথম থেকে দশম তলা পর্যন্ত থাকবে সুবিশাল শপিং মল এবং এগারো থেকে তেইশ তলা পর্যন্ত আন্তর্জাতিক মানের লাক্সারি হোটেল নির্মাণের পরিকল্পনা রয়েছে। আধুনিক স্থাপত্যশৈলী ও আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধার সমন্বয়ে নির্মিত এ প্রকল্পটি একটি পূর্ণাঙ্গ শপিং, এন্টারটেইনমেন্ট ও লাইফস্টাইল ডেস্টিনেশন হিসেবে গড়ে তোলা হয়েছে।
মলটিতে রয়েছে সুপ্রশস্ত ডাবল অ্যাট্রিয়াম, দুটি এস্কেলেটর, পাঁচটি আধুনিক লিফট, দর্শনার্থীদের নির্বিঘ্ন যাতায়াতের জন্য বড় ড্রপ-অফ এরিয়া এবং পর্যাপ্ত পার্কিং সুবিধা।
জননিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভবনে স্থাপন করা হয়েছে তিনটি জরুরি বহির্গমন সিঁড়ি, সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা, আধুনিক অগ্নি নির্বাপণ ব্যবস্থা এবং পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম, যা যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে সহায়তা করবে।
একই ছাদের নিচে সব বয়সী ক্রেতাদের জন্য থাকছে দেশি ও আন্তর্জাতিক ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ শোরুম ও আউটলেট। শিশুদের বিনোদনের জন্য থাকছে দেশের অন্যতম জনপ্রিয় কিডস প্লে-জোন বাবুল্যান্ড। গ্লোবাল শপিং অভিজ্ঞতা দিতে যুক্ত হচ্ছে সিঙ্গাপুরভিত্তিক সুপার মার্কেট মোস্তফা মার্ট। এছাড়াও আন্তর্জাতিক মানের ফুড-কোর্ট টেস্ট টার্মিনাল-এ পাওয়া যাবে নানা দেশের বৈচিত্র্যময় খাবারের স্বাদ।
শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন। এ ছাড়া অনুষ্ঠানে চট্টগ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, কর্পোরেট ব্যক্তিত্ব, বিনিয়োগকারী, মিডিয়া প্রতিনিধি এবং ক্রেতা সাধারণ উপস্থিত থাকবেন।
‘শপ, ফান, রিলাক্স’—এই স্লোগানকে ধারণ করে চট্টগ্রামবাসীর দৈনন্দিন জীবনের নতুন গন্তব্য হয়ে উঠতে যাচ্ছে মেরিডিয়ান কোহিনূর সিটি।


