শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
Single Top Banner

অনির্বাচিত সরকার কখনও জনগণের আশা পূরণ করতে পারে না: আমির খসরু

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “অনির্বাচিত সরকার কখনও দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না—এটা বারবার প্রমাণিত হয়েছে।”

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরীর ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি দক্ষিণ হালিশহরের শামসুল আলম জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের দোয়া কামনা করেন।
পরবর্তীতে নিউমুরিং তকতারপুল এলাকা সহ আশপাশের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন আমির খসরু। এ সময় তিনি বলেন, “দেশের যে কোনো ক্রান্তিলগ্নে জনগণের আস্থা সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওপর ছিল। বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে।”

তিনি আরও বলেন, “জনগণ চায় একটি নির্বাচিত সরকার, নিজেদের মালিকানা ফিরে পেতে এবং ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে। দেশের মানুষ চায় তাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা সংসদে যাক। গণতন্ত্রবিরোধী শক্তিরাই নির্বাচন চায় না—কারণ জনগণের ওপর তাদের আস্থা নেই।”

আমির খসরু বলেন, দেশের জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। “নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ গঠিত হলে দেশে স্থিতিশীলতা ফিরে আসবে,” মন্তব্য করেন তিনি।

তিনি জানান, ‘১১ তে ১১’—এই স্লোগানের আওতায় চট্টগ্রামের ১১টি সংসদীয় আসনে ১১টি গুরুত্বপূর্ণ বিষয়ে বিএনপি বিশেষ গুরুত্ব দিয়েছে। এর মধ্যে রয়েছে ১২০০ শয্যার একটি আধুনিক হাসপাতাল, ভোকেশনাল ট্রেনিং সেন্টার, আইটি খাতের উন্নয়ন, সুপেয় পানির সমস্যা সমাধানসহ আরও কয়েকটি জনকল্যাণমূলক প্রকল্প। “ইনশাল্লাহ, এগুলো বাস্তবায়ন করা হবে,” বলেন তিনি।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম এ আজিজ, মহানগর বিএনপির সদস্য সরফরাজ কাদের রাসেল, হাজী হানিফ সওদাগর, বিএনপি নেতা রোকনউদ্দিন মাহমুদ, মো. নুরুজ্জামান, আবু সালেহ, মাহবুব এলাহী, মো. আশরাফ জাবেদ আনসারী, মো. ইমরান, মোজাদ বারেকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত