বাংলাদেশের বর্ষীয়ান আলেম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে গণসংযোগ, নির্বাচনী প্রচারণা ও একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণকালে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দুই নেতার মধ্যে কুশল বিনিময়ের পাশাপাশি দেশের সাম্প্রতিক পরিস্থিতি, ফটিকছড়ির সামাজিক স্থিতিশীলতা, ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণ এবং জনকল্যাণমুখী বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, “ফটিকছড়িকে একটি আধুনিক, ন্যায়ভিত্তিক ও জনবান্ধব জনপদ হিসেবে গড়ে তুলতে আমি সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করছি। ইসলামি মূল্যবোধ, নৈতিকতা ও মানবিকতার আলোকে সমাজ বিনির্মাণে আলেম-ওলামাদের পরামর্শ ও দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, জনগণের আস্থা ও বিশ্বাসের ওপর ভিত্তি করেই একটি শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।
সাক্ষাৎকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ন্যায়পরায়ণ নেতৃত্ব, জনসেবামূলক রাজনীতি এবং আদর্শভিত্তিক সমাজ গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পাশাপাশি শান্তি, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দেশ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় ফটিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নেতৃবৃন্দ, ফটিকছড়ির বিশিষ্ট আলেম-ওলামা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষই দেশ, সমাজ ও মানুষের কল্যাণে ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


