সরকার পুলিশের ইউনিফর্মে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগের শার্ট বহাল রাখা হয়েছে এবং প্যান্টের রং করা হয়েছে খাকি।
সোমবার (৪ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। এর আগে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা বিষয়ক জাতীয় কমিটির প্রথম সভা শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান পোশাক নিয়ে সারাদেশে এবং পুলিশ বাহিনীর মধ্যেই অসন্তোষ রয়েছে। এটি সবার কাছে গ্রহণযোগ্য হয়নি এবং মানানসইও নয় বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা। এ কারণে পুলিশ বাহিনীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি বিবেচনা করা হয়েছে।
তিনি জানান, নতুন ইউনিফর্ম নির্ধারণের ক্ষেত্রে ঐতিহ্যবাহী দিকটিও গুরুত্ব দেওয়া হয়েছে। আগের শার্ট—যা মেট্রোপলিটন ও সারাদেশে ব্যবহৃত হতো—তা বহাল রাখা হয়েছে। তবে প্যান্ট বা পায়জামার ক্ষেত্রে খাকি রং নির্ধারণ করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে বিস্তারিত আলোচনা করে একটি গ্রহণযোগ্য পোশাক নির্ধারণ করা হয়েছে। তবে এটি কার্যকর করতে কিছুটা সময় লাগবে। কারণ ইউনিফর্ম প্রস্তুত, কাপড় উৎপাদন ও সরবরাহসহ বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
তিনি উল্লেখ করেন, বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আজ তা জানানো হলো।


