চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশের অভিযানে চারজনকে আটক করা হয়েছে। বুধবার (১৪ মে) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সাতজন যুবকের বিরুদ্ধে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর ভুক্তভোগীদের পরিবার বিষয়টি স্থানীয়ভাবে জানালে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাটি আমলে নিয়ে অভিযানে নামে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের শনাক্তে তথ্যপ্রযুক্তির সহায়তাসহ বিভিন্ন উপায়ে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে। বুধবার রাতের অভিযানে চারজনকে আটক করা হলেও বাকি অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
সাতকানিয়া থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযান শেষ হলে এবং তদন্তের অগ্রগতি অনুযায়ী বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
এদিকে, এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত সময়ের মধ্যে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


