শনিবার, ১৩ জুন ২০২৬
Single Top Banner

আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন

ডেস্ক রিপোর্ট :

কারামুক্ত হয়ে নারায়ণগঞ্জের দেওভোগে নিজ বাসভবনে ফেরার পর সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বাড়িতে ফেরার ঠিক আগমুহূর্তে তার বাসার গেটসংলগ্ন ল্যাম্পপোস্টে একটি আধুনিক সিসি ক্যামেরা স্থাপন করেছে জেলা পুলিশ।

বুধবার (৩ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাসভবনে পৌঁছান আইভী। এরপর থেকেই আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও অনুসারীদের আনাগোনা বাড়তে থাকে। এর মধ্যেই বাড়ির সামনের সিসি ক্যামেরাটি স্থানীয়দের নজরে আসে এবং বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়।

এ বিষয়ে বৃহস্পতিবার (৪ জুন) কথা বলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী। তিনি জানান, শুধু সাবেক মেয়র আইভীর বাড়িকে কেন্দ্র করে নয়, বরং কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণ এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে।

তিনি বলেন, “এলাকাটিতে মোট চারটি সিসি ক্যামেরা বসানো হয়েছে। এর মধ্যে একটি আইভীর বাসার সামনের ল্যাম্পপোস্টে স্থাপন করা হয়েছে।”

পুলিশের দাবি, এটি কোনো ব্যক্তি বা বিশেষ বাসভবনকে লক্ষ্য করে নয়; বরং জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে চলমান নজরদারি কার্যক্রমের অংশ। তবে আইভীর কারামুক্তির পরপরই তার বাড়ির সামনে ক্যামেরা স্থাপন করায় বিষয়টি স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত