নিজস্ব প্রতিবেদক :
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) বিকেলে নগরের দুই নম্বর গেট মোড়ে অবস্থান নিয়ে তারা শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ করে। তবে যান চলাচলে কোনো বাধা দেওয়া হয়নি। দুই নম্বর গেট এলাকায় অবস্থান নেওয়ার আগে তারা বিক্ষোভ মিছিল নিয়ে আশপাশের এলাকা প্রদক্ষিণ করেন। বিক্ষোভে এনসিপির নেতাকর্মীদের সঙ্গে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরাও অংশ নেন।
গণতান্ত্রিক ছাত্রসংসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ আমাদের সহযোদ্ধাদের ওপর গোপালগঞ্জে হামলা চালিয়েছে, এর পরিণাম খুব ভয়াবহ হবে। আমরা দেখেছি, প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। প্রশাসন হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে ধানমণ্ডির ৩২ নম্বরের মতোই গোপালগঞ্জের অবস্থা হবে।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হাসান আলী বলেন, ‘গোপালগঞ্জে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে সেটা এনসিপির নেতাকর্মীদের ওপর নয়, জুলাই যোদ্ধাদের ওপর হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলনের ডাক দিয়েছি। ইন্টেরিম পুরোপুরি ব্যর্থ এটা প্রমাণ হয়েছে। তারা খুনিদের বিচার না করার কারণে আজ আওয়ামী স্বৈরাচারের দোসররা, আওয়ামী স্বৈরাচারের রেখে যাওয়া বাচ্চারা জুলাই যোদ্ধাদের ওপর হামলা করার দুঃসাহস দেখিয়েছে। তারা দেশকে অস্থিতিশীল করছে। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।’
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ, যুগ্ম সদস্য সচিব সাগুপ্তা বুশরা, গণতান্ত্রিক ছাত্রসংসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব রিজাউর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইবনে হোসাইন জিয়াদ, মুখ্য সংগঠক তাওসিফ ইমরোজ।
এছাড়াও গোপালগঞ্জে এনসিপি’র নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে জেলার লোহাগাড়া, হাটহাজারী, পটিয়াসহ বিভিন্ন উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। এরমধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশে হঠাৎ সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টা থেকে ৬টা পর্যন্ত বটতলি মোটর স্টেশনের সামনে এই ‘প্রতীকী’ অবরোধ হয়।
এনসিপি লোহাগাড়া শাখার প্রধান সমন্বয়কারী মো. জহির উদ্দিনের নেতৃত্বে ছাত্র প্রতিনিধিসহ স্থানীয় নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন। প্রায় ৩০ মিনিট ধরে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এতে যাত্রী ও পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হয়।


