চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাকে ভেঙে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা গঠনের অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিষয়টি চূড়ান্ত করতে আগামী মাসে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতিসংঘ সাধারণ অধিবেশন শেষে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর অক্টোবরের প্রথম সপ্তাহেই নিকার বৈঠক অনুষ্ঠিত হতে পারে। এর আগে গত ৮ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদসচিব আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রি-নিকার বৈঠকে নতুন উপজেলা গঠনের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি গত ২৭ সেপ্টেম্বর (শনিবার) গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
২০০৭ সালের ২১ জুলাই ফটিকছড়ি থানার ২১টি ইউনিয়নের মধ্যে উত্তরের বাগানাবাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভুজপুর, হারয়ালছড়ি ও সুয়াবিল ইউনিয়ন নিয়ে গঠিত হয় ভূজপুর থানা। এই ভূজপুর থানা এলাকা নিয়েই নতুন ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা গঠন হতে যাচ্ছে।
ভূজপুর থানার ভৌগোলিক অবস্থানও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এর উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্য, পূর্বে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি ও রামগড়, পশ্চিমে সীতাকুণ্ড উপজেলা এবং দক্ষিণে হাটহাজারী উপজেলা অবস্থিত।
উত্তর ফটিকছড়ি নাগরিক ফোরামের দায়িত্বশীল কামরুল সবুজ বলেন, “উত্তরের মানুষের দীর্ঘ প্রচেষ্টার ফল পেতে যাচ্ছে ফটিকছড়ি উত্তর উপজেলা।”
ঢাকাস্থ উত্তর ফটিকছড়ি সমিতির সভাপতি তৌহিদুল আলম চৌধুরী জানান, “আমরা উত্তরের মানুষ দীর্ঘদিন যাবৎ বঞ্চিত ছিলাম। নতুন উপজেলা আমাদের আলোর পথ দেখাবে। দীর্ঘ দিনের সংগ্রামের ফসল এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে।”


